Wednesday, March 30, 2011

জলে ভাসা পুষ্প

কয়েকটি ফুলের পাপড়ি। ঘরের এক কোনায় এর উপস্থিতিতেই চলে আসতে পারে স্নিগ্ধতা। নাই বা থাকল বাহারি ফুলদানি আর ফুলের তোড়া। পছন্দসই একটি পাত্রে ছড়িয়ে দিন কয়েকটি ফুলের পাপড়ি। এর সঙ্গে যদি রাখেন ভাসমান মোমবাতি, তাতেই ঘরে তৈরি হবে অন্য রকম মুগ্ধতার আবেশ।
পাত্রে পানির ওপর ছিটানো ফুলের পাপড়ি। স্পা-তে এ রকম পরিবেশন দেখা যায়। চারপাশে একটা সতেজ ভাব আনতেই এমন করা হয়। সেটাই এখন দেখা যাচ্ছে ঘর সাজানোতেও। হারমনি স্পার স্বত্বাধিকারী ও রূপ বিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, ‘মূলত স্পাতেই ফুলের পাপড়ি এভাবে পানির ওপর ছড়িয়ে ব্যবহার করা হয়। তবে বাইরে বড় হোটেলগুলোতেও পাত্রে পানি ও ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়। ভালো লাগা থেকেই এ রীতি এখন অনেকে বাসায়ও নিয়ে এসেছেন।’

ফুল না ফুলের পাপড়ি
শখ করে কেনা গোলাপের গুচ্ছ থেকে দু-একটি ফুল ছোট হয়ে ভেঙে যেতেই পারে। সেই পাপড়িগুলোই ছড়িয়ে দিন না একটি পাত্রে, পানির ওপর। ফুলের পাপড়ি দিতে না চাইলে কয়েকটি ফুলই না হয় রেখে দিন আলতো করে। ফুলগুলো ছড়িয়ে রাখা হলে দেখতে বেশি ভালো লাগবে।
ফ্যাশন ডিজাইনার শৈবাল সাহা প্রায়ই এভাবে নিজের বাড়ির ঘর সাজিয়ে থাকেন। তিনি বলেন, ‘যান্ত্রিক যুগে ফুলের এ ধরনের পরিবেশনা মনটাকে সতেজ করে।আর ঘরের শোভা তো বাড়িয়ে দেয়ই। চোখে প্রশান্তি দেয়। তবে ঋতুভিত্তিক ফুল ব্যবহার করলে আরও ভালো লাগবে দেখতে।’

পাত্র নির্বাচন
ফুল রাখার এ পাত্রটি তেমন দামি বা জমকালো হওয়ার প্রয়োজন নেই। আকারে বড় ও ছড়ানো হলেই ভালো। পাত্রটি কখনো চ্যাপ্টা, কখনো গোল আবার কখনো বা লম্বা হতে পারে। মাটির তৈরি কালো চাড়ির ভেতর অথবা মালসার আকারে তৈরি ছোট পাত্রেও পরিবেশন করা যেতে পারে। লাল, কালো, সোনালি ইত্যাদি রঙের হতে পারে এগুলো। অন্দর সাজের কাজ করে এমন একটি প্রতিষ্ঠান রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের পরিচালক গুলশান নাসরিন চৌধুরী বলেন, ‘বিভিন্ন জ্যামিতিক আকারে তৈরি পাত্রগুলো এমনিতেই দেখতে ভালো লাগে। এ ধরনের পাত্রে ফুল রাখলে যোগ হয় আলাদা সৌন্দর্য। এ পদ্ধতিতে ফুল পরিবেশন অনেকটাই সহজ।’

পাত্রে পানির পরিমাণ
পাত্রের আকার ও আকৃতির ওপর নির্ভর করে পানি দিতে হবে। বড় পাত্রে অল্প পানি বা ছোট পাত্রে বেশি পানি দিলে হবে না। গুলশান নাসরিন চৌধুরী জানান, পাত্রের আকারের তিন ভাগের এক ভাগ পানি দিতে হবে। এর ওপর পাপড়ি ছিটালে সেটা যেকোনো জায়গা থেকেই দেখা যাবে। দূরে দাঁড়িয়ে থাকলেও যেমন দেখা যাবে, আবার বসে থাকলেও সেটা দেখা যাবে। পানি অবশ্যই প্রতিদিন বদলে দিতে হবে।

ঘরের সাজের সঙ্গে মিলিয়ে
‘অন্দর সাজের ওপর নির্ভর করবে কেমন পাত্র নির্বাচন করবেন আপনি। অন্যান্য আসবাবের সঙ্গে মিলিয়ে নিলেই দেখতে বেশি ভালো লাগবে—জানান শৈবাল সাহা। এভাবে আপনি বেছে নিতে পারেন ক্রিস্টালের কোনো পাত্র অথবা মাটির কালো রঙের চাড়ি। তবে দরজার বাইরে রাখতে চাইলে সে ক্ষেত্রে মাটির পাত্র নির্বাচন ভালো হবে বলে জানান গুলশান নাসরিন চৌধুরী। এ ছাড়া কাঁসার পাত্রও মন্দ লাগবে না দেখতে।
ঘরের কোন জায়গায় রাখবেন, সেটাও বাকি সাজের ওপরই নির্ভর করবে। পাত্রে ভাসমান মোমবাতি দিলে এক কোনায় রাখা যেতে পারে। এর ওপর যদি স্পট লাইটের আলো পড়ে, তাহলে তো কথাই নেই। তবে কোনার কোনো জায়গায় রাখতে না পারলেও সমস্যা নেই। সেন্টার টেবিলের মধ্যে রেখে দিন। পাত্রের আকার একটু ছোট হলে ভালো হবে এ ক্ষেত্রে।

No comments:

Post a Comment